সাইরেনের সুযোগে বিল ফাঁকি, ইসরায়েলে বাড়ছে অদ্ভুত প্রবণতা
ইরান থেকে মিসাইল বা ড্রোন হামলার সময় ইসরায়েলের প্রায় সব স্থানেই সতর্কতামূলক সাইরেন বাজে। সাইরেন শোনামাত্র সাধারণ মানুষ দ্রুত বোমা শেল্টার বা আশ্রয়কেন্দ্রের দিকে চলে যান। তবে এই জরুরি পরিস্থিতির অপব্যবহার করছেন কিছু ইসরায়েলি।
ইসরায়েলের চ্যানেল-১৩ সংবাদমাধ্যম জানিয়েছে, কিছু ব্যক্তি দোকান থেকে পণ্য কেনা বা রেস্তোরাঁয় খাবার খাওয়ার পর ইরানি হামলার জন্য অপেক্ষা করতে থাকেন। অর্থাৎ, তারা সাইরেন বাজার মুহূর্তটির জন্যই অপেক্ষা করেন।
সাইরেন বাজলেই দোকান ও রেস্তোরাঁর কর্মীসহ সেখানে উপস্থিত সবাই দ্রুত দৌড়ে আশ্রয়কেন্দ্রের দিকে চলে যান। ঠিক তখনই এই সুযোগ কাজে লাগানো হয়। আশ্রয়ে যাওয়ার ছলে বিল পরিশোধ না করেই সরে পড়েন ওই ব্যক্তিরা।
গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালানোর পর থেকে ইরানও পাল্টা আক্রমণ শুরু করে। যুদ্ধ শুরুর পর থেকেই ইরান প্রতিদিন মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। এর ফলে ইসরায়েলের বিভিন্ন এলাকায় বারবার সতর্কতামূলক সাইরেন বাজছে।
এই পুনরাবৃত্ত জরুরি পরিস্থিতির সুযোগই কিছু সুবিধাবাদী ব্যক্তি ব্যবহার করছেন বলে প্রতিবেদনে উঠে এসেছে।